রাঙ্গামাটি
শহরে কাপ্তাই হ্রদে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাড়িয়েছে। আজ
বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানের সময় সাজিদুল (১০) নামে এক
শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল ৪ জনের লাশ উদ্ধার করা হয়।
নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল
রাইয়ান আল বেরুনী গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৭টায় দ্বিতীয় দিনের মতো
উদ্ধার অভিযান শুরু করার পর সকাল ৮টায় শিশু সাজিদুলের লাশ উদ্ধার করে
নৌবাহিনীর ডুবুরি দল। ধসে পড়া ভবনে আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই বলে
উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। এর আগে গতকার সন্ধ্যায় শহরের রিজার্ভ
বাজারের সরকারি মহিলা কলেজের কাছে কাপ্তাই হ্রদঘেঁষে গড়ে ওঠা টিটু
ঠিকাদারের তিনতলা পাকা ভবন হঠাৎ ধসে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনার পর
ফায়ার সার্ভিস, সেনাসদস্য, পুলিশ ও স্থানীয়রা দুই শিশুসহ চারজনের লাশ
উদ্ধার করে। তারা হলেন জাহিদ হোসেন (২৮), পিংকি (১৩), হাবিবা (২২) ও
সামাদুল (৭)। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় শোপা বেগম নামে একজনকে। তাকে
রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভবনে চারটি পরিবার বাস করত
বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান মঙ্গলবার
রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন।
পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক
টিটু ঠিকাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে। নিহতদের প্রত্যেককে
জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
>>>মানবজমিন

No comments:
Post a Comment