আফগানিস্তানের
বিপক্ষে সিরিজ শেষ করে একটি দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। সোমবার
থেকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। শেষ ম্যাচে হালকা
চোটে পড়া মাশরাফি মুর্তজা অবশ্য কাল অনুশীলনে নামতে পারেননি। তিনি বিশ্রামে
আছেন। আফগানদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের। দুই সিরিজের মাঝে
ক্রিকেটাররা যে ছয় দিন সময় পাচ্ছেন তাতেই নিজেদের আরও প্রস্তুত করতে
পারবেন। দলের নবাগত মোসাদ্দেক হোসেন এখনই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে
ফেভারিট মনে করছেন। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই
ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘টিভিতে খেলা দেখে যতটুকু বোঝা যায়, ওদের
সম্পর্কে ততটুকুই বুঝেছি। আমাদের কন্ডিশনে আমরাই ফেভারিট। আমি বিশ্বাস
করি, আমাদের কন্ডিশনে আমরা ভালো করব।’ তিনি বলেন, ‘ইংল্যান্ড আফগানিস্তানের
চেয়ে অনেক ভালো দল। আমাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে।
আমরা
যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের লক্ষ্যেই নামব।’
ইংল্যান্ডের বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনটিতে। প্রথম
১২ ম্যাচে টানা হার। তবে সর্বশেষ চার ম্যাচে বাংলাদেশের জয় তিনটিতে। এ
তিনটি জয়ও আবার ভিন্ন কন্ডিশনে- ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়। এবার
ঘরের মাঠে সিরিজ খেলে বাড়তি সুযোগ পাবে টাইগাররা। মোসাদ্দেক হোসেনও এ
ইংলিশদের বিপক্ষে নিজের প্রস্তুতি নিয়ে ভাবনা শুরু করছেন। মোসাদ্দেক
অভিষেকে ভালো করেছেন কোচের কথা অনুযায়ী খেলে। এই ডান-হাতি ব্যাটসম্যান
বলেন, “অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন, ‘প্রথম ম্যাচ,
পারফরম্যান্স নিয়ে চিন্তা কর না। তোমার স্বাভাবিক খেলাটা খেল, উপভোগ কর।
আবাহনীতে যেভাবে খেলেছ, সেভাবেই খেলার চেষ্টা কর। এখানে তোমার পরফরম্যান্স
গুরুত্বপূর্ণ নয়, আজকের (অভিষেকের দিন) ম্যাচটা উপভোগ কর।’ আমিও উপভোগ করার
চেষ্টা করেছি।” প্রথম ম্যাচ থেকেই আÍবিশ্বাসী মনে হয়েছে মোসাদ্দেককে।
ইংল্যান্ডের বিপক্ষেও সেই আÍবিশ্বাস নিয়ে মাঠে নামতে চান এই অলরাউন্ডার।
তিনি
বলেন, ‘প্রিমিয়ার লীগ শেষ করার পরই আমার কাছে মনে হচ্ছিল আমি আÍবিশ্বাসী।
আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে ভালো
হয়েছে। শুরুটা ভালো হয়েছে। এখন আন্তর্জাতিক ম্যাচে আরও বেশি আত্মবিশ্বাসী
আমি।’ তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমার যখন যে ভূমিকা ছিল তখন সেটাই করার
চেষ্টা করেছি। আগে কী করেছি, পরে কী করব- এসব না ভেবে নিজের কাজটা এগিয়ে
নেয়ার চেষ্টা করেছি।’ আফগানিস্তানের বিপক্ষে খেলা সিরিজ নিয়ে দলে কোনো
আলোচনা নেই। এখন সব আলোচনা ইংল্যান্ডকে ঘিরে। শেষ ম্যাচে আফগানদের উড়িয়ে
দেয়ার কারণে দলের জন্য সেটা ভালো হয়েছে বলে মনে করছেন মোসাদ্দেক। তিনি
বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ওয়ানডে খেলতে নেমেছিলাম। প্রথম দুটি ম্যাচ একটু
সমস্যা হয়েছিল, কিন্তু শেষ ম্যাচটা আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে এটা আমাদের জন্য বাড়তি সুযোগ।’

No comments:
Post a Comment