Monday, October 31, 2016

মেয়ের পরিচালনায় হরর ছবি নিয়ে ফিরছেন ডিপজল

চলচ্চিত্রে ফিরছেন এক সময়ের পর্দা কাঁপানো খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নিয়মিত হওয়ার ইচ্ছাতেই এবারের প্রত্যাবর্তন। তবে গতানুগতিক ধারার বাইরে ভিন্ন কিছু নিয়েই প্রত্যাবর্তন ঘটছে তার। ফিরতি যাত্রায় হরর ছবিতে দেখা যাবে এ খলনায়ককে। ছবিটি পরিচালনা করবেন তারই মেয়ে ওলিজা। ছবির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে। চিত্রনাট্য করছেন ছটকু আহমেদ। নিজের পরিচালনা প্রসঙ্গে ডিপজলের মেয়ে ওলিজা জানান, ‘এটি আমার প্রথম ছবি। তাই সিদ্ধান্ত নিয়েছি বাবাকে নিয়েই প্রথম ছবির কাজ করব।
ছবির প্রধান চরিত্রে আমার বাবাই অভিনয় করবেন। অন্য চরিত্র চিত্রনাট্যের কাজ শেষ হলেই ঠিক করে ফেলব। আশা করছি শুটিংয়ের সময়টাও শিগগিরই সবাইকে জানাতে পারব।’ ক্যারিয়ারে খলনায়কের পাশাপাশি পজেটিভ সমাজসেবী চরিত্রেও অভিনয় করেছেন ডিপজল। কিন্তু কোনো ভৌতিক ছবিতে এটাই তার প্রথম অভিনয়। নিজের চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না দিলেও ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ডিপজল। তিনি বলেন, ‘আমার মেয়ে যথেষ্ট মেধাবী। আমার বিশ্বাস সে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করে দেখাবে। এজন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা তার প্রতি থাকবে।’

No comments:

Post a Comment