Monday, October 10, 2016

দ্বিতীয় বিতর্কের পর ট্রাম্প কী ছিটকে পড়বেন?

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথম বিতর্কে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই হোয়াইট হাউস দখলের দৌড়ে পিছিয়ে পড়ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিটি জনমত জরিপেই একই তথ্য আসতে থাকে। এরপর সবার দৃষ্টি ছিল দ্বিতীয় বিতর্কের দিকে। দ্বিতীয় বিতর্কে ট্রাম্পের ভালো করা ছিল অপরিহার্য। কিন্তু বিধিবাম। বাংলাদেশ সময় সোমবার সকাল সাতটায় ট্রাম্প যখন তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারির মুখোমুখি হচ্ছেন তখন বিরাজ করছে এক ভিন্ন দৃশ্যপট। নারীদের নিয়ে চরম অশ্লীল মন্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে ছি ছি শুরু হয়েছে। শুধু প্রতিপক্ষই ট্রাম্পকে তুলাধোনা করছে না, তার দলের নেতারাও নিন্দার কোরাস গাইছেন। এ রকম এক পরিস্থিতিতে ট্রাম্প আজ বিধ্বস্ত। অন্যদিকে দ্বিতীয় বিতর্কের পর থেকেই উজ্জীবিত হিলারি। ফলে দ্বিতীয় বিতর্কে ট্রাম্প কেমন করেন, কিভাবে তিনি নারীদের নিয়ে করা তার অশ্রাব্য মন্তব্যের ব্যাখ্যা দেন, কিভাবে ক্ষমা প্রার্থনাকে যুক্তিযুক্ত করেন তার ওপর নির্ভর করছে তার রাজনৈতিক ভাগ্য। অনেকেই মনে করছেন,
দ্বিতীয় বিতর্কে হিলারির কাছে পরাজিত হলে এবার নির্বাচনী দৌড় থেকেই কার্যত ছিটকে পড়তে পারেন ধনকুবের ট্রাম্প। তবে ট্রাম্প তো পিছু হটার পাত্র নন। তিনি স্পষ্ট করেই বলেছেন, যে কোনো পরিস্থিতিতে তিনি লড়াইয়ের মাঠে থাকবেনই। মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির এই বিতর্কে প্রায় অর্ধেক প্রশ্নই আসবে ভোটারদের কাছ থেকে। তারা ট্রাম্পকে যে অপ্রিয় প্রশ্ন করবেন তা বলাই বাহুল্য। এ অবস্থায় ট্রাম্প তার মেজাজ কতটা ঠিক রাখতে পারেন তা বলা মুশকিল। বিতর্ক শেষ হওয়ার পরপরই তাৎক্ষণিক জরিপ হয়। বিশেষজ্ঞরাও মতামত দেন। এতে ট্রাম্পের অবস্থায় কোথায় দাঁড়ায় তা আজকের মধ্যেই স্পষ্ট হবে। তবে ট্রাম্প আজ যে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমখি হচ্ছেন তা নিয়ে কোনো সংশয় নেই। হিলারি আর ট্রাম্পের প্রথম বিতর্কের দর্শক ছিল প্রায় ৯ কোটি, যা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ। আজ সেই রেকর্ডটাও ভাঙতে পারে বলে অনেকেই মনে করছেন।

No comments:

Post a Comment