![]() |
| গতির দুর্গতি : দ্রুতগামী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে উল্টে যায়। এতে সৃষ্টি হয় ব্যাপক যানজট -যুগান্তর |
আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে মগবাজার
ফ্লাইওভারে গাজীপুর পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। এরা হলেন- জহুরুল ইসলাম ও রাসেল মিয়া। রোববার দুপুর দেড়টার দিকে
দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসের এক যাত্রী হাবীবুর রহমান জানান, গাজীপুর
পরিবহনের বাসটি ৪০-৫০ জন যাত্রী নিয়ে গাজীপুর থেকে গুলিস্তানের দিকে
যাচ্ছিল। পথে চালক আজমেরি পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল।
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়ে যাত্রীরা তাকে বারবার সর্তক করেন এবং
তাকে সুন্দরভাবে চালাতে বললেও চালক তা শোনেনি। ফ্লাইওভারে উঠেও তাদের
প্রতিযোগিতা অব্যাহত থাকে। একপর্যায়ে আজমেরি পরিবহনের বাসটিকে ওভারটেক করতে
গিয়ে গাজীপুর পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর উল্টে যায়। এতে অন্তত ২০
যাত্রী আহত হন। তাদের কারও হাত কেটেছে, কারও আঙুল থেঁতলে গেছে, কারও শরীরের
বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার
করে। গুরুতর জহুরুল ইসলাম ও রাসেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। রাসেল দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। দুর্ঘটনার পর বাসের
তেল-মবিল পড়ে রাস্তায় পিচ্ছিল অবস্থা তৈরি হয়। এ সময় পুলিশ ফ্লাইওভারের
পূর্ব পাশ বন্ধ করে দেয়। ওই পাশ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। এছাড়া উল্টে
যাওয়া বাসটি ক্রেন দিয়ে সরাতে সময় লাগে। এতে মগবাজার, কাকরাইল, সাতরাস্তা,
নাবিস্কো ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। বিভিন্ন গন্তব্যমুখী
যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। ফায়ার সার্ভিসের
লোকজন পানি ঢেলে তেল-মবিল অপসারণের পর বিকাল ৩টার দিকে ফ্লাইওভার খুলে দেয়া
হয়। রমনা থানার ওসি মশিউর রহমান যুগান্তরকে বলেন, দুটি বাস প্রতিযোগিতা
করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। উল্টানোর পর বাস থেকে তেল মবিল রাস্তায় পড়ে
যায়। মবিলে চাকা পিছলে গিয়ে আরও দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকায় কিছু সময়
ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে
তা পরিষ্কার করেন। দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার করার পর যানবাহন চলাচল
স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment