Saturday, October 22, 2016

জয়িতা হওয়ার অপেক্ষায় আছি

লাক্স তারকা মৌনিতা খান ঈশানা। বর্তমানে নাটক, বিজ্ঞাপন ও টিভির বিভিন্ন রিয়েলিটি শোর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। মাঝে মধ্যে উপস্থাপনায়ও দেখা যায় তাকে। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*কলকাতায় যাওয়ার কথা শোনা যাচ্ছে?
**ঠিকই শুনেছেন। পঁচিশ দিনের সফরে কলকাতায় যাচ্ছি। তবে বেড়ানোর জন্য নয়। কাজের জন্যই যেতে হচ্ছে। প্রথমবারের মতো দেশের বাইরে এত দিনের জন্য যাচ্ছি। আগে কখনও দেশের বাইরে বিজ্ঞাপন ছাড়া শুটিংয়ে অংশ নিতে এত দিনের জন্য যাওয়া হয়নি। এবারই প্রথম যাচ্ছি।
*কিসের শুটিংয়ের জন্য যাচ্ছেন সেখানে?
**কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের জন্য নয়। একটি রিয়েলিটি শোর শুটিং করতেই এ ভ্রমণ। আমি ছাড়া এতে ভাবনা, অমৃতা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শীয়া, সাফা কবির অংশ নিচ্ছেন। পাশাপাশি ভারতের অনেক শিল্পীর অংশ নেয়ার কথা রয়েছে। তবে ভারতের ঠিক কোন্ শিল্পীরা এতে অংশ নেবেন সে সম্পর্ক এখনও কিছুই জানি না।
*নাটকে ব্যস্ততার খবর কী?
**নাটকের ব্যস্ততা তো আমার সারা বছরই থাকে। এখন আমার অভিনীত চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এর মধ্যে ‘খেলাঘর’ ও ‘তুমি আসবে বলে’ দুটি ধারাবাহিকে দর্শকদের রেসপন্স বেশি পাচ্ছি। পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিক ও খণ্ডনাটক নিয়ে কথা হচ্ছে। কলকাতা ফিরে এগুলো নিয়ে চূড়ান্তভাবে কথা বলব।
*আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেটার খবর কী?
**বিষয়টি বিচারিকভাবে মীমাংসা হওয়ার পর মামলার নিষ্পত্তি হয়ে গেছে। আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আসলে বিষয়টি আমার কাছে একটি নাটকের মতোই মনে হয়েছে।
*এ ধরনের ঘটনায় ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়েনি?
**যে কোনো নেতিবাচক কাজই একজন শিল্পীর ক্যারিয়ারের জন্য খারাপ খবর। ঘটনাটি আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই নেতিবাচক ছিল। কখনও ভাবিনি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। তবে এ থেকে অনেক কিছুই শিখেছি। যা আগামীতে কাজে লাগবে।
*অভিনয়ের ক্ষেত্রে কোন্ চরিত্রের জন্য আফসোস রয়েছে?
**অ্যাডভেঞ্চারস চরিত্রের প্রতি আমার আকর্ষণটা বেশি কাজ করে। সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’ উপন্যাসের ‘জয়িতা’ চরিত্রটির প্রতি আমার অন্য রকম ভালো লাগা রয়েছে। তাই জয়িতা হওয়ার অপেক্ষায় আছি।

No comments:

Post a Comment