Wednesday, October 5, 2016

হঠাৎ প্রস্তুতি ম্যাচে মুশফিকুর

মুশফিকুর রহিমের কিপিং নিয়ে প্রশ্ন উঠেছে ফের। দু’বছর ধরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবেও বিবেচিত হয়ে আসছেন তিনি। কিন্তু টি ২০ বিশ্বকাপ থেকে ব্যাটিংয়েও তেমন রান পাচ্ছেন না। তাই সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং ও কিপিং নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুশফিকুরকে নিয়ে সবশেষ আলোচনা তার মাত্রাতিরিক্ত অনুশীলন নিয়ে। তিনি যে বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় এ নিয়ে কারও সন্দেহ নেই। বেশি পরিশ্রমের কারণেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে ছিলেন না তিনি। কিন্তু কাল দেখা গেল ম্যাচ খেলছেন মুশফিক। ব্যাটিং-কিপিংয়ে ছন্দ হারিয়ে ফেলা মুশফিকুর ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলনের সুযোগ হাতছাড়া করতে চাননি। বিসিবি একাদশে তার থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এই ধরনের ম্যাচে তো যখন-তখন যে কাউকে নেয়া যায়। রাতে মুশফিক বলল সে খেলতে চায়। এ জন্যই ওকে দলে নেয়া হয়েছে।’ প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ৫৭ বলে পাঁচ চারে ৫১ রান। কিপিং অবশ্য করেননি তিনি।
অনুশীলনে সবার আগে আসেন মুশফিক। সবার শেষে তার অনুশীলন শেষ হয়। জাতীয় দলের অনুশীলন না থাকলে ব্যাট-প্যাড-গ্লাভস হাতে তাকে মিরপুরে দেখা যাবেই। ঝড়-বৃষ্টির দিনেও অনুশীলনে অনুপস্থিত থাকেন না তিনি। তার অতিরিক্ত অনুশীলনকে ঘিরেই যত প্রশ্ন। কোচ বারবারই তাকে যথাযথ অনুশীলনের জন্য বলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে বোঝানোর চেষ্টা করেছেন। প্রশ্ন উঠেছে ব্যাটিংয়ে বেশি অনুশীলনের কারণেই কিপিংয়ে মনোযোগ দিতে পারছেন না মুশফিক। এই অভিযোগ মানতে রাজি নন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। মাশরাফি বলেন, ‘তার কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না। সে ব্যাটিংয়ের পর পর্যাপ্ত উইকেটকিপিংয়েও অনুশীলন করে। তার সব কিছুতেই শতভাগ খুশি আমরা।’
আফগানিস্তান সিরিজে মুশফিক ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে আউট হন রশিদ খানের স্পিনে বিভ্রান্ত হয়ে। প্রথম ম্যাচে গুগলি বুঝতে পারেননি, তৃতীয়টিতে গুগলি হবে ভেবে খেলে আউট হন। তিন ইনিংসে সব মিলিয়ে করেন ৫৬ রান। পুরো সিরিজে কিপিংয়ে মুশফিকের ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। একাধিক ক্যাচ ও স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুশফিকের রানে ফেরা আত্মবিশ্বাস জোগাতে পারে তাকে। ব্যাটিংয়ে রানে ফিরলেও মুশফিকের কিপিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

No comments:

Post a Comment