মোহাম্মদ
নবী যখন ব্যাটিংয়ে নামেন তখন চিটাগাং ভাইকিংসের রান ৯.৫ ওভারে চার উইকেটে
৬৮। বিপিএলের আগের ম্যাচগুলোতে চিটাগাংয়ের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা যে
ভালো করতে পারেননি সেটা সবারই জানা। সেই চিটাগাংই যে কাল শেষ ১০ ওভারে ১২০
রান করবে তা কে ভাবতে পেরেছিলেন! মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে পাল্টে গেল
সব হিসাব। কাল চট্টগ্রামে বিধ্বংসী এক ইনিংস উপহার দিলেন এই আফগান
অলরাউন্ডার। ৩৭ বলে ছয়টি করে চার ও ছয়ে অপরাজিত ৮৭ রান করেন তিনি। এরপর
মাত্র ২৪ রানে নিয়েছেন এক উইকেট।
মোহাম্মদ নবীর এই অলরাউন্ড নৈপুণ্যেই
রাজশাহী কিংসের বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে চিটাগাং। প্রথম ম্যাচ জেতার পর
টানা চার ম্যাচে হেরেছিল তারা। অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা
পেল তামিম ইকবালের দল। ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে চিটাগাংকে কক্ষপথে ফেরাতে
বড় অবদান রেখেছেন পেসার তাসকিন আহমেদও। বিপিএলে চতুর্থ আসরে
আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ৮০* রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। এবার
আরেক আফগানের তাণ্ডব দেখল চট্টগ্রাম। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা
চিটাগাংয়ের শুরুটা দেখে মনে হয়েছিল আরেকটি ব্যাটিং ব্যর্থতার দিকে হাঁটছে
তামিমের দল। কিন্তু এনামুল হক বিজয় ও মোহাম্মদ নবী তামিমের মুখে হাসি
ফোটালেন। নবী প্রথম ১৬ বলে করেন ২৪ রান। পরের ২১ বলে করেছেন ৬৩ রান!
বিপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার সুযোগ ছিল তার। কিন্তু বল না থাকায়
সেটা পারলেন না। বিপিএলে ৭০-র বেশি রানের ইনিংসে নবীর স্ট্রাইক রেটই সবচেয়ে
বেশি। কাল তার স্ট্রাইক রেট ছিল ২৩৫.১৩।
নবীকে ভালো সঙ্গ দিয়েছেন এনামুল
হক। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে ১০৫ রান। ৪০ বলে ৫০ রান করেন এনামুল। দুই হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ১৯০ রান করে চিটাগাং। দুটি উইকেট নেন
রাজশাহীর সামিত প্যাটেল। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ১৯৩ রান তাড়া
করতে নেমে মাত্র চার রানে হেরেছিল রাজশাহী। কাল আরও একটি বড় লক্ষ্য তাড়া
করতে নেমে জয়ের পথে ছিলেন সাব্বির রহমানরা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান
সাব্বির কালও দলের পক্ষে করেন ৩০ বলে সর্বোচ্চ ৪৬ রান। সঙ্গে জুনায়েদ
সিদ্দিকীর ২৮ বলে ৩৮ রানে একপর্যায়ে রাজশাহীর রান ছিল ১২.৩ ওভারে দুই
উইকেটে ১১২। কিন্তু সাব্বির আউট হওয়ার পর কালও পথ হারায় রাজশাহী। নবীর
কিপটে বোলিং ও তাসকিন আহমেদের পাঁচ উইকেটে ১৭১ রানে থেমে যায় রাজশাহী।

No comments:
Post a Comment