Saturday, November 19, 2016

যশোরে ফের দু’পক্ষের 'গোলাগুলিতে' যুবক নিহত

যশোরে ফের দু’পক্ষের 'গোলাগুলিতে' অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত (৩২)  হয়েছেন। শনিবার যশোর-ঝিনাইদহ মহাসড়করে দৌলতদিহি এলাকায় এ গোলাগুলি ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার ভোরে যশোরে কথিত গোলাগুলিতে সন্ত্রাসী হাফিজুর রহমান মরা নিহত হন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসনে জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়করে দৌলতদিহি এলাকায় দু’দল ডাকাত গুলিবিনিময় করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও তার নাম পরিচয় জানা যায়নি বলে জানান ওসি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার মাথার পেছনে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে। এর আগের রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে কথিত গোলাগুলির ঘটনা ঘটে। এতে শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার সন্ত্রাসী হাফিজুর রহমান মরা নিহত হন।

No comments:

Post a Comment