Wednesday, November 23, 2016

প্রধানমন্ত্রী আজ সিলেট যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নগরজুড়ে লাগানো হয়েছে কয়েকশ’ তোরণ। বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালালাবাদ সেনানিবাস পর্যন্ত সড়ক ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। বুধবার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে যাবেন। মাজার জিয়ারত শেষে যাবেন হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে।
এরপর দুপুর ১২টায় জালালাবাদ সেনানিবাসে যাবেন তিনি। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিকেল পৌনে ৫টায় তার ঢাকায় পৌঁছার কথা। এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। তবে রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে সমাবেশ স্থগিত করা হয়। জনসভাকে ঘিরে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি নেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভা স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

No comments:

Post a Comment