মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বমঞ্চ
থেকে বিদায় নিয়েছেন বারাক ওবামা। পাঁচ দিনের শেষ রাষ্ট্রীয় সফরের পর দেশে
ফিরেছেন তিনি। গ্রিস, জার্মানি ও পেরু ভ্রমণ শেষে সোমবার সকালে হোয়াইট
হাউসে ফিরে যান। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ২০০৮
সালে নির্বাচিত হন ওবামা। রোববার পেরুর রাজধানী লিমায় বিশ্বনেতাদের সঙ্গে
শেষ বৈঠক করেন প্রেসিডেন্ট ওবামা।
এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ম্যালকম টার্নবুল বলেন, এটা একটা চমৎকার মুহূর্ত। কিন্তু একইসঙ্গে দুঃখের।
কারণ এটাই শেষ বৈঠক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ওবামাকে
আমি মিস করব। লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ
সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওবামা। এ সময় ওবামা
জানান, নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি সহযোগিতা করতে চান এবং তার
দৃষ্টিভঙ্গির রূপরেখা ঠিক করার জন্য সময় দিতে চান। মঙ্গলবার বিবিসির
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ডোনাল্ড ট্রাম্প
মার্কিন মূল্যবোধের পক্ষে হুমকি তৈরি করার মতো কিছু করলে মার্কিন নাগরিক
হিসেবে তার সমালোচনা করতে পারেন বলে জানিয়েছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের
প্রচলিত ধারা অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে চলে
যান এবং উত্তরাধিকারীদের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন। তবে একজন মার্কিন
নাগরিক হিসেবে কোনো কোনো ঘটনায় ব্যক্তিগতভাবে নিজের মতামত হয়তো প্রকাশ
করবেন ওবামা। ওবামা বলেন, কোনো ইস্যুতে যদি মার্কিন মূল্যবোধ ও আদর্শ নিয়ে
প্রশ্ন ওঠে এবং ওই আদর্শ রক্ষায় আমার ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করি,
তাহলে তখন তা বিবেচনা করে দেখব। ওবামা নিজেকে এমন একজন ‘মার্কিন নাগরিক’
হিসেবে তুলে ধরেন, ‘যিনি’ তার দেশকে ‘অত্যন্ত গুরুত্ব’ দেন। ওবামা দৃঢ়তার
সঙ্গে ঘোষণা করেন, জর্জ ডব্লিউ বুশ যেভাবে তার টিমের প্রতি পেশাদারি
দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন, তিনিও ট্রাম্পের নতুন প্রশাসনকে সেভাবেই দেখবেন।
প্রেসিডেন্ট বুশ তার উত্তরসূরি ওবামাকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত
থেকেছেন। ওবামা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৩ সালে সিএনএনকে বুশ
বলেছিলেন, আমার মনে হয় না, এতে খুব ভালো কিছু হয়।
৪ মিনিট কথা বললেন
ওবামা-পুতিন : সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে চার মিনিটের এক সংক্ষিপ্ত বৈঠক
করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন। পেরুর রাজধানী লিমায় রোববার অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক
কো-অপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের মধ্যে এ আলোচনা
অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় রাশিয়াকে ইউক্রেন-বিষয়ক মিনস্ক
চুক্তি মেনে চলতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। একইসঙ্গে তিনি
বলেছেন, সিরিয়া সংকট সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে। ওবামা ও
পুতিনের এ আলোচনার ছবি এবং ভিডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত
হলেও এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ৮
নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনের আগে
এক প্রচারাভিযানে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘অত্যন্ত ভালো
সম্পর্ক’ স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেন, ওবামার চেয়ে পুতিন ভালো মানের
নেতা। ওবামা এমন সময় ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন যখন
শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর থেকে এ যাবতকালের মধ্যে রাশিয়া ও
যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে। বিশেষ করে সিরিয়া ও
ইউক্রেন সংকটে দেশ দুটি পরস্পরের বিপরীত ফ্রন্টে অবস্থান নেয়ায় দ্বিপক্ষীয়
সম্পর্কের বিশাল অবনতি হয়।

No comments:
Post a Comment