Thursday, November 24, 2016

বিচারকদের শৃংখলাবিধির গেজেট প্রকাশে ৭ দিন সময় পেল রাষ্ট্রপক্ষ

অধস্তন আদালতের বিচারকদের জন্য আলাদা শৃংখলা বিধিমালা (চাকরির শৃংখলা-সংক্রান্ত) গেজেট আকারে প্রকাশে সাতদিন সময় পেল রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার এ বিষয়ে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ তা মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করে আজ ২৪ নভেম্বরের মধ্যে আদালতে তা দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
গত ৭ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণে মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক শুনানিতে এই নির্দেশ দেয়া হয়েছিল। ওই দিন শৃংখলাবিধি তৈরি না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। কিন্তু আজ আবারও রাষ্ট্রপক্ষ বিচারকদের শৃংখলাবিধির গেজেট প্রকাশে আরও সাতদিন সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে এই সময় দেন। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলা বিধি প্রণয়নের নির্দেশনা দেয়া হয়। এ অবস্থায় আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন সুপ্রিম কোর্ট।

No comments:

Post a Comment