Wednesday, November 9, 2016

একদিনেই বদলে যাওয়া ট্রাম্প

মাত্র একদিনের ব্যবধানেই বদলে যাওয়া এক ট্রাম্পকে দেখল বিশ্ববাসী। কী বিস্তর ফারাক প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে। নির্বাচনের আগে তিনি কতো ভয়ই না দেখিয়েছেন না আমেরিকানসহ বিশ্ববাসীকে। কিন্তু নির্বাচিত হওয়ার পর যে ভাষণ দিয়েছেন তাতে নেই আগের বক্তব্যের ছিটেফোঁটাও। নির্বাচন পূর্ব বিভিন্ন সমাবেশে তিনি বলেছেন, অভিভাষণ নীতি কড়াকড়ি করবেন, আইএস বিদায় করতে প্রয়োজন হলে যুদ্ধ করবেন।তার বিভিন্ন বক্তব্যে নারীদের প্রতি অবমাননার বিষয়ও এসেছে। তার প্রতিদ্বন্দ্বি হিলারিকে তিনি দেননি যথাযথ সম্মান। কিন্তু সবকিছুই বদলে গেলো নির্বাচনের পর। তার বক্তব্যে শোনা গেলো ঐক্যের সুর। এমনকি অভিভাষণ,বা বিদেশনীতি নিয়ে করেননি কোনো উচ্চবাচ্য। 
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেয়া বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প দেশটির সব পক্ষের নাগরিকদের জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। এখন সব ভেদাভেদ ভুলে রিপাবলিকান, ডেমোক্রেট ও ইন্ডিপেনডেন্ট ভোটারসহ সব আমেরিকানের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, আমাদের দেশের ভুলে যাওয়া নারী ও পুরুষদের আমরা আর ভুলে থাকবো না। আমি সবসময়েই আমেরিকাকেই সর্বাগ্রে রাখব।  আমেরিকা আর কখনোই সেরার চাইতে কম কোনও কিছুর সঙ্গে আপস করবে না। বিজয় ভাষণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, অন্যান্য দেশের সঙ্গে আমি দারুণ, দারুণ সম্পর্ক আশা করছি। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়। ৫৩৮ ইলেক্টোরাল ভোটের ৫০৬ টির মধ্যে ট্রাম্প ২৮৮ টি ভোট পেয়েছেন। অন্যদিকে হিলারি ২১৮টি ভোট পেয়েছেন। তবে তার স্বভাবসুলভ ভঙ্গিতে নয়, অত্যন্ত ধীরস্থিরভাবে ভাষণের শুরুতেই হিলারিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।

No comments:

Post a Comment