Monday, November 28, 2016

'কোনো জলদস্যু ও বনদস্যুকে থাকতে দেয়া হবে না'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে কোনো জলদস্যু ও বনদস্যুকে থাকতে দেয়া হবে না। পাশাপাশি এদেরকে যারা মদদ দেয় তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় বরিশালে সুন্দরবনের দস্যু খোকা বাবু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে ১২জন দস্যু নিজ অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন জানিয়েছেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিরীহ লোকজনকে ডাঙ্গা থেকে জলে নামাচ্ছে তারা যত বড় ক্ষমতাধরই হোক তাদের শাস্তি পেতে হবে। এসময় তিনি জলদস্যুদেরকে নিরাপদ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন,
সুস্থ জীবনে ফিরে এলে তাদেরকে নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আত্মসমর্পনকালে জলদস্যুরা ৬টি বিদেশী এক নলা বন্দুক, ৪টি বিদেশী দোনলা বন্দুক, একটি টুটু বোর বিদেশী এয়ার রাইফেল, ৬টি সাটারগান, ২টি এয়ারগান, ২টি শুটার গান এবং ১টি কাটা রাইফেলসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং ১০০৩ রাউন্ড গোলা বারুদ জমা দেয়। আত্মসমর্পনকারী দস্যু সদস্যদের মধ্যে রয়েছেন- কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুর ইসলাম (৩২), মো. শাহজাহান গাজী (৩০), মো. আবদুল আজিজ (৪৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. রবিউল ইসলাম (২৫), মো. ওসমান গনি (৩৩), মো. রফিকুল গাজী (৩৩), মো. ইয়াছিন আলি গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মো. মজিবর রহমান (৩৮) ও মো. কালাম (৩৫)। এদের সবারই বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, র‌্যাব এর মহাপরিচালক বেনজীর আহমেদ, তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি, বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মুহাম্মদ শারুফ হাসান প্রমুখ।

No comments:

Post a Comment