Wednesday, November 23, 2016

রং ছড়ানো জয়ে রংপুর শীর্ষে

ঢাকাকে টপকে শীর্ষস্থান দখল করেছিল খুলনা। খুলনাকে হটিয়ে চূড়ায় বসে গেল রংপুর। ব্যাটে-বলে দুর্দমনীয় নৈপুণ্যে রংপুর রাইডার্স (১২৯/৩) সাত উইকেটে হারিয়েছে খুলনা টাইটানসকে (১২৫/৭)। রংপুরের বোলাররা নিজেদের কাজ ঠিকঠাকভাবে শেষ করার পর ১২৬ তাড়া করার কাজ সহজ করে দেন বিজয়ী দলের দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ শাহজাদ। ছয় বল হাতে রেখে রংপুর পেয়ে যায় রং ছড়ানো অনায়াস জয়। কম রান করেও খুলনার কাপ্তান মাহমুদউল্লাহ এর আগে দু’বার দুরন্ত বোলিংয়ে নিজের দলকে জিতিয়েছেন। এবার আর পারেননি তিনি। ১২৫ রানের পুঁজি নিয়ে আর যাই হোক, টি ২০তে লড়াই করা যায় না। মিঠুন ও শাহজাদের মধ্যে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপের পর রংপুরকে আর ভাবতে হয়নি। শুরুতেই সৌম্য সরকারকে হারানো রংপুর হোঁচট সামলে উঠতে সময় নেয়নি। আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ৩৭ রান করে মাহমুদউল্লাহর শিকারে পরিণত হন।
মোহাম্মদ মিঠুন ৪১ বলে ৪৯ রানে অপরাজিত রয়ে যান। চার ওভারে ৩০ রানে দুটি উইকেট নেয়ার পর শহীদ আফ্রিদি ২০ বলে ২৬ রান করেন। ম্যাচসেরা তিনিই। একটি করে উইকেট নেন খুলনার জুনায়েদ খান, হওয়েল ও মাহমুদউল্লাহ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল টস জিতে ব্যাট করতে নেমে খুলনা পাঁচ ওভারের মধ্যে দুটি উইকেট হারায়। দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও আবদুল মজিদকে ফিরিয়ে দেন আরাফাত সানি। মাহমুদউল্লাহও (১১) বেশিদূর এগোতে পারেননি। তাকে ফিরিয়ে দিয়েই আফ্রিদি টি ২০তে নিজের ২৫০তম উইকেট নেন। রিকি ওয়েসেলস (২৭) ও তৈয়বুর রহমান (৩২) ৫৬ রানের জুটি গড়েন ৫৫ বলে। আরাফাত সানি ছাড়াও আফ্রিদি এবং রুবেল হোসেন দুটি করে উইকেট নেন। ছয় ম্যাচে পাঁচটি জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাত ফ্র্যাঞ্চাইজির বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে গেল রংপুর। খুলনা নেমে গেল দ্বিতীয় স্থানে। সাত ম্যাচে তাদেরও পাঁচ জয় এবং ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের পয়েন্ট আট। চারটি জয় তাদের। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল খেলবে প্লে-অফে।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস ১২৫/৭, ২০ ওভারে (আবদুল মজিদ ১০, রিকি ওয়েসেলস ২৭, মাহমুদউল্লাহ ১১, তৈয়বুর রহমান ৩২, আরিফুল হক ২২। আরাফাত সানি ২/১৬, শহীদ আফ্রিদি ২/৩০, রুবেল হোসেন ২/১৯)।
রংপুর রাইডার্স ১২৯/৩, ১৯ ওভারে (মোহাম্মদ শাহজাদ ৩৭, মোহাম্মদ মিঠুন ৪৯*, শহীদ আফ্রিদি ২৬। মাহমুদউল্লাহ ১/১৪)।
ফল : রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : শহীদ আফ্রিদি (রংপুর)।

No comments:

Post a Comment