Tuesday, November 22, 2016

মিসবাহকে এক ম্যাচ নিষিদ্ধ করলো আইসিসি

পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হককে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো পাকিস্তানের এ সেরা অধিনায়ককে। সম্প্রতি শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চ টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল মিসবাহ বাহিনী। ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি।
এর অর্থ হল কিউইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না মিসবাহ। এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে মিসবাহর ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে। এছাড়া বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এদিকে আইসিসির নিষেধাজ্ঞা না থাকলেও হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে খেলা হতো না। কেননা মারা গেছেন মিসবাহর শ্বশুর। তাই তিনি দেশে ফিরে এসেছেন। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মিসবাহর শ্বশুর। রোববার সকালে মিসবাহর স্ত্রী উজমা-উল-হক টুইট করে জানান, ‘আমার বাবা মারা গেছেন একটু আগে। আমি আর মিসবাহ দেশে ফিরে যাচ্ছি।’ এর কিছুক্ষণ পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানায়, ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে মিসবাহর বদলে নেতৃত্ব দেবেন আজহার আলী। ২০১০ সালে পাকিস্তানের অধিনায়কত্ব পাওয়ার পর এ নিয়ে মাত্র দুটি টেস্ট মিস করতে যাচ্ছেন মিসবাহ।

No comments:

Post a Comment