সাভারে
ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের
মুখে জিম্মি করে ও ফাঁকা গুলি বর্ষণ করে নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে
দুর্বৃত্তরা। এ ছাড়া আশুলিয়ার বিশমাইল এলাকায় বাস থেকে নামা দুই যাত্রীকে
কুপিয়ে দুর্বৃত্তরা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের
ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মঙ্গলবার
দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার ইস্টার্ন ব্যাংক থেকে তিন লাখ
টাকা উত্তোলন করেন শাহীবাগ এলাকার বিথী আক্তার (২১) ও তার স্বামী শামীম
মিয়া (৩০) । এই টাকা নিয়ে বাসস্ট্যান্ড থেকে রিকশায় বাড়ি ফেরার পথে সাভার
পৌরসভার মজিদপুর এলাকায় পেছন থেকে আসা দুটি মোটর সাইকেলে ছয়জন দুর্বৃত্ত
প্রথমে ফাকা গুলি বর্ষণ করে আতংক সৃষ্টি করে।
পরে
তাদেরকে রিকশা থেকে নামিয়ে গুলি করার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে
টাকার ব্যাগ ও তাদের দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাভার মডেল
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে
গ্রেফতার বা লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি। সাভার মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায়
পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার ভোর রাতে আশুলিয়ার বিশমাইল
এলাকার পাশে বাস থেকে নামা দু’জনকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে
দুর্বৃত্তরা। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব ছিনতাইয়ের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment