Tuesday, November 15, 2016

খাদিজাকে হত্যাচেষ্টা: বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর চাপাতি হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালত এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে এই মামলার অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ৮ নভেম্বর ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ। সিলেট জেলা জজ কোর্টের এপিপি শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
 তিনি জানান, সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র উপস্থাপন করলে আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৯ নভেম্বর সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠনের দিনও ঠিক করেছেন আদালত। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরাণ থানায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এ ছাড়ার ঘটনার পর শাবি থেকে বহিষ্কার করা হয় বদরুলকে।

No comments:

Post a Comment