Tuesday, November 29, 2016

ময়মনসিংহে সড়কে ঝরল চারজনের প্রাণ

ময়মনসিংহের শহরতলী দিঘারকান্দা, ত্রিশাল ও ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জামালপুর টেপিরচর এলাকার সুমন মিয়ার স্ত্রী শাপলা বেগম (২২) ও শিশু কন্যা  সুবর্ণা আক্তার শান্তি (৩), তারাকান্দা উপজেলার বাতুয়ালী গ্রামের মো. হায়দার (৪০) , ফুলবাড়িয়া উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুর রাজ্জাক (২৮)।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মালবোঝাই পিকআপ বাসার মালামাল নিয়ে ময়মনসিংহে যাচ্ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার শহরতলী দিঘারকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত সুমন মিয়াকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। এদিকে ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে ময়মনসিংহগামী একটি বাস সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে আহত হয় কমপক্ষে ১২জন। এদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মো. হায়দার নামে একজন মারা যান। এছাড়া ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, উপজেলার বগাজান এলাকায় সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিক নিহত হন।

No comments:

Post a Comment