Tuesday, November 15, 2016

পার্বতীপুরের শিশুটির ভয় কেটেছে, অস্ত্রোপচার রোববার

ধর্ষণের শিকার দিনাজপুর জেলার পার্বতীপুরের সেই শিশুটির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণের পাশাপাশি, খেলাধুলা ও খাবার গ্রহণ করছে শিশুটি। সব ঠিক থাকলে রোববার শিশুটির শরীরে অস্ত্রোপচারের কথাও ভাবছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রধান সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, শিশুটি আগের চেয়ে অনেক সুস্থ। এখন সে আর অপরিচিত মানুষ দেখলে আঁতকে ওঠে না। শরীরের ক্ষতটাও এখন আগের চাইতে ভাল। তিনি আরও জানান, শিশুটি মানসিকভাবেও স্বাভাবিক হয়ে উঠেছে। হাসপাতালেই সে হাসি-আনন্দ আর খেলাধুলায় মেতে আছে।
তাকে অনেকগুলো পুতুলও কিনে দেয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে সে স্বাভাবিক বিভিন্ন খাবারেরও বায়না ধরছে। বিলকিস বেগম আরও বলেন, শিশুটির শরীরের ক্ষত অনেকটাই ভালোর পথে। মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ তাকে দেখেছেন। এখন অপারেশনের প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট ভালো হলে অপরাশেন সম্পন্ন হবে। এর আগে ২৫ অক্টোবর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। এরপর থেকে শিশুটির নানী ও মা সার্বক্ষণিক তার সঙ্গেই আছেন। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

No comments:

Post a Comment