নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন,
সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতিকের জয় সুনিশ্চিত। বৃহস্পতিবার বেলা
পৌনে ১২টার দিকে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র
জমা দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, এই প্রথম
দলীয় প্রতীকে বড় কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশন নির্বাচন। গত ৯ বছর মানুষ নৌকার বিপরীতে ধানের শীষ প্রতীকে ভোট
দিতে পারেনি। এই নির্বাচনের মধ্য দিয়ে সেই সুযোগ সৃষ্টি হচ্ছে। বিএনপির
প্রার্থী বলেন, ভোটাররা নিরাপত্তা বোধ করলে, তাদের মধ্যে স্বস্তি ও উচ্ছাস
থাকলে ভোট কেন্দ্রে যেতে উৎসাহবোধ করবে। তাই নির্বাচনকে নির্বিঘ্ন ও অবাধ
করতে সেনা বাহিনী মোতায়েন প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু
হলে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত।
নারায়ণগঞ্জ
ক্লাবের দ্বিতীয় তলায় নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান
তালুকদারের কাছে আজ শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন নারায়ণগঞ্জের আলোচিত সাত
খুন মামলার বাদী পক্ষের এই প্রধান আইনজীবী ও বিএনপি প্রার্থী। এসময় তার
সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার, সাধারণ
সম্পাদক কাজী মনির, ফতুল্লা আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন, বন্দর আসনের
সাবেক এমপি আবুল কালাম, আড়াই হাজার আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর,
শহর বিএনপির সভাপতি এটিএম কামাল ও বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান
মুকুল। আজ প্রথমে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইভী।
এরপরই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী
সাখাওয়াত। নাসিক নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র দাখিলের
শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। আর ভোট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

No comments:
Post a Comment