Tuesday, November 15, 2016

হোয়াইট হাউস ছেড়ে যে বাড়িতে উঠছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর পরিবার নিয়ে কোথায় উঠবেন তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। খবরে বলা হয়, হোয়াইট হাউস ছাড়লেও ওয়াশিংটনেই থাকছেন ওবামা ও তার পরিবারের সদস্যরা, তবে ভাড়া বাড়িতে। ওবামার ৮২০০ ফুটের ওই বাড়িটিও প্রাসাদোপম। এতে নয়টি বেডরুম এবং নয়টি বাথরুম রয়েছে। এখানে দুটি গাড়ির গ্যারেজ রয়েছে যেখানে দশটির মতো গাড়ি রাখা যাবে। ১৯২৮ সালে নির্মিত বাড়িটি ২০১৪ সালে বিক্রি হয় ৫২ লাখ ৯৫ হাজার ডলার বা প্রায় ৪০ কোটি টাকায়। এদিকে নিউইয়র্ক টাইমস ওবামার নতুন বাড়িটি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বর্তমানে বাড়িটির দাম ৬০ লাখ ডলার বা প্রায় ৪৮ কোটি টাকা এবং এর মাসিক ভাড়া ২২ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ টাকা। বাড়িটির মালিক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাবেক প্রেস সেক্রেটারি জো লকহার্ট।
অন্যদিকে রক্ষণশীল পত্রিকা ডেইলি কলারের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ছাড়ার পর ওবামা ও তার পরিবারের সদস্যরা (ফার্স্ট ফ্যামিলি) যে বিশাল বহু কোটি টাকা দামের অট্টালিকায় উঠবেন তা ওয়াশিংটনের একটি সুবিশাল মসজিদ থেকে মাত্র ১০৯৬ ফুট দূরে। দ্য ইসলামিক সেন্টার অব ওয়াশিংটন নামের এ মসজিদটি পশ্চিম গোলার্ধের অন্যতম বড় মসজিদ। এটি ওয়াশিংটন ডিসির কাছে ক্যালোরোমার কাছে অবস্থিত। ডেইলি কলারের প্রতিবেদনে দ্য ইসলামিক সেন্টার অব ওয়াশিংটন সম্পর্কে বলা হয়, এখানে জুমাসহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে। সুউচ্চ মিনার আর আরবি বর্ণমালার পাশাপাশি এখানে যেসব দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেসব দেশের পতাকা টানানো রয়েছে। এর অদূরেই রয়েছে ওমানের দূতাবাসে এবং ইরানের সাবেক দূতাবাস। মুসলিম বাবার সন্তান ওবামাকে এখনও মুসলিম বলে অনেক রক্ষণশীল আমেরিকান মনে করেন। তবে ওবামা বলেছেন, তিনি বহু আগেই খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। আগামী ২০ জানুয়ারি নতুন বাড়িতে আসবেন ওবামা। বাড়িটির মাসিক ভাড়া ২২ হাজার ডলার। সাদা বাড়ির মতো বড় না হলেও নতুন ঠিকানার সামনেও রয়েছে একটি বড় বাগান। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে প্রতি বছর ২ লাখ ৬৮ হাজার ডলার পাবেন ওবামা।

No comments:

Post a Comment