কাছাকাছি
সময়ে চির বৈরী ভারত ও পাকিস্তান সফরে আসছেন ইসরাইলি ও তুরস্কের
প্রেসিডেন্ট। ইসরাইলি নেতা আসছেন ভারতে আর তুর্কি প্রেসিডেন্ট সফর করবেন
পাকিস্তান। পিটিআই জানায়, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে
মঙ্গলবার নয়াদিল্লিতে আসছেন ইসরাইলি প্রেসিডেন্ট রুয়েভেন রিভলিন। দীর্ঘ ২০
বছর পর এই প্রথম কোনো ইসরাইলি প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ভারত সফরে আসছেন।
গত বছরে অক্টোবরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইসরাইল সফর করেছিলেন।
সেই যোগসূত্রকে মজবুত করার লক্ষ্যে রিভলিনের এ ভারত সফর। রিভলিনের সফরকে
ভারত এবং ইসরাইলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতীক হিসেবে মনে করছে
নয়াদিল্লিতে নিযুক্ত ইসরাইলি দূতাবাস। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারত
থেকে সেদেশে প্রশিক্ষণের উদ্দেশে ‘সন্ত্রাস দমন বাহিনী’র কর্মকর্তাসহ
ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ইসরাইলি গুপ্তচর
সংস্থা মোসাদের কাছে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা চলছে। ভারত এবং
পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজক পরিস্থিতিসহ জম্মু-কাশ্মীরে অশান্ত
পরিস্থিতির মধ্যে যায়নবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি কূটনৈতিক
ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসরাইলের প্রেসিডেন্ট
রিভলিন আগ্রা, চণ্ডিগড়, কার্নাল এবং মুম্বাই পরিদর্শন করবেন।
তার সঙ্গে
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বড় প্রতিরক্ষা নির্মাণ কোম্পানির
কর্মকর্তাদের এক প্রতিনিধি দলও ভারতে আসছেন। রিভলিনের সফরের সময়
নয়াদিল্লিতে তার সঙ্গে ভারতের সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক প্রতিনিধি এবং
বিশ্ববিদ্যালয়ের প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানে
আসছেন এরদোগান : এদিকে পাকিস্তানি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়, আগামী
সপ্তাহে দু’দিনের সফরে পাকিস্তান আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ
এরদোগান। এরদোগান পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। কোনো দেশের
সঙ্গে সুগভীর সম্পর্ক থাকলে এবং দেশটির শাসকও যদি ব্যাপক জনপ্রিয় হয়ে থাকেন
তবেই সাধারণত অন্য দেশের সংসদে ভাষণ দেয়ার সুযোগ মেলে। এটা এক বিরাট
সম্মানের ব্যাপার বলে মনে করা হয়। তবে পাকিস্তানের অন্যতম বিরোধী দল
তেহরিক-ই ইনসাফ সংসদে এরদোগানের ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছে। এরদোগানের ওপর
অবশ্য তাদের কোনো ক্ষোভ নেই। নওয়াজ শরিফের কথিত দুর্নীতির বিরুদ্ধে
প্রতিবাদে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের গভীর
বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এরদোগানের সঙ্গে পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠতাও সুবিদিত। এরদোগানের সফরে দুই দেশের
মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

No comments:
Post a Comment