মেয়ের
বার্থডে পার্টি বেশ জমকালোভাবে উদযাপনের চিন্তা ছিল বাবার। তিনি চান
পার্টিতে সবাই যেন উপস্থিত থাকে। এজন্য একটি গণনিমন্ত্রণের ব্যবস্থা করেন
বাবা। পরে এ নিমন্ত্রণটি ভাইরাল হয়ে গেলে ছোট্ট মেয়ের জন্মদিনের আয়োজন নিয়ে
ঘটে যায় এলাহী কাণ্ড। সোমবার ১৫ বছর পূর্ণ করা কিশোরী রুবি ইবারা বেশ
রাজকীয় ঢংয়েই তার জন্মদিন উদযাপন করে। সেন্ট্রাল মেক্সিকোর একটি র্যাঞ্চ
হাইজে বিশাল আয়োজনে জন্মদিনটি পালন করা হয়। জানা যায়, রুবির বাবা মেয়ের
জন্মদিনের জন্য উন্মুক্ত এক নিমন্ত্রণের ব্যবস্থা করেছিলেন। পরে ওই পোস্ট
ভাইরাল হয়ে যাওয়ায় সহস্রাধিক লোক অনুষ্ঠানে এসে হাজির হন।
অনুষ্ঠান ঘিরে
স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বেশ তৎপর ছিলেন। তারা ছবি ও ভিডিও ধারণের
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুষ্ঠানটি প্রচার করেন। এই প্রচারণার
বদৌলতে ছোট্ট মেয়ে রুবির জন্মদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার
বিষয়ে পরিণত হয়। এক ফেসবুক পোস্টে রুবির বাবা ক্রেসসেনসিও ইবারা জন্মদিনের
নানা আয়োজন নিয়ে কথা বলেন। ওই পোস্টে তিনি সবাইকে জন্মদিনে উপস্থিত থাকার
আহ্বান জানান। শেষ পর্যন্ত এ নিমন্ত্রণই ঘটিয়ে দেয় ওই কাণ্ড। রুবির মা
বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, রুবির বাবা 'সবাই জন্মদিনের পার্টিতে আসবেন'
বলতে আসলে পাড়া-প্রতিবেশীদের বুঝিয়েছিলেন। তবে ওই ভিডিওটি ইউটিউবসহ নানা
ভিডিও সাইটে দ্রুত ভাইরাল হয়ে যায়। আর সবাই ভাবতে থাকে বেশ বড় কোনো আয়োজন
হতে যাচ্ছে। একটি বিমান কোম্পানি তো জন্মদিনের এই অনুষ্ঠানের খবরে আগত
যাত্রীদের টিকিটের ওপর ৩০ শতাংশ ছাড়ও ঘোষণা করে বসে।

No comments:
Post a Comment