Wednesday, December 28, 2016

কক্সবাজারের ২ ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত

কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে সাধারণ সদস্য পদে দুইটি ওয়ার্ডে উচ্চ আদালতের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় কক্সবাজারের ১৫টি ওয়ার্ডের ভোটগ্রহণ। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে ৩ নম্বর ওয়ার্ডের মহেশখালীর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ৪ নম্বর ওয়ার্ডের পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কেন্দ্রে সাধরণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
এসব কেন্দ্রে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য (নারী) পদে ভোট গ্রহণ চলছে। এ ছাড়া জেলার অন্য ১৩টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ডের সংখ্যা ১৫টি। এর মধ্যে তিনটিতে সাধারণ সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ১২টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫১ জন। জেলায় সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৫টি। যেখানে একটিতে ইতোমধ্যে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অন্য চারটিতে প্রার্থীর সংখ্যা ১৫ জন। এছাড়া কক্সবাজারে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মোস্তাক আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির (জেপি) মনোনীত সালাহ উদ্দিন মাহমুদ। কক্সবাজারের ৮ টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৭২টি ইউনিয়নের নির্বাচিত এক হাজার তিনজন জনপ্রতিনিধি ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করছেন। সকাল থেকে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

No comments:

Post a Comment