মানব
ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ‘সুনামি’র এক যুগ পূর্ণ হল
রোববার। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৯ দশমিক ১?৫
মাত্রার প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার পর ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি
সৃষ্টি হয়। এ দুর্যোগে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলংকাসহ
উপকূলবর্তী দেশগুলো দুই লাখ ২৬ হাজার মানুষ মারা যায়। খবর এএফপি ও
রয়র্টার্সের। ১২ বছর আগের সেই বিভীষিকাময় সুনামিতে ইন্দোনেশিয়ায় এক লাখ ৭০
হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সুনামির বর্ষপূর্তির দিনে তাদের স্বজনরা
বিশেষ দোয়া ও কবর জিয়ারতের মাধ্যমে তাদের স্মরণ করেন। আচেহ প্রদেশের উলি
লিউয়ি কবরস্থানে সুনামিতে নিহত ১৪ হাজার ৮০০ মানুষকে দাফন করা হয়েছিল।
সোমবার সেখানে মরিয়ম নামে এক নারী স্বজনদের কবর জিয়ারত করতে এসেছিলেন।
মরিয়ম এএফপিকে বলেন, আমি প্রতি বছর আমার সন্তান, পুত্রবধূ এবং তার তিন
সন্তানের জন্য দোয়া করতে এখানে আসি। ৬৫ বছর বয়সী মরিয়ম তার স্বজনদের মৃতদেহ
দেখেননি। তিনি সুনামির সময় একটি গাছের গুঁড়ি আকড়ে ধরে বেঁচে ছিলেন। তিনি
নিশ্চিত তার স্বজনদের উলি লিউয়ি কবরস্থানেই দাফন করা হয়েছে। তাই প্রতি বছর
এখানে আসেন তিনি। আচেহ প্রদেশের বেসার জেলার সিরনে ৪৬ হাজারেরও বেশি
মানুষকে কবর দেয়া হয়েছে। সেখানেও স্বজন হারানো মানুষেরা ভিড় করে কবরস্থানে
ফুল দেন। তাদের বিশ্বাস প্রিয়তম স্বজনেরা এখানকার জমিনেই চিরশয্যায় শায়িত
আছেন।

No comments:
Post a Comment