Tuesday, December 27, 2016

আমরা ক্ষমতায় আছি কেন জঙ্গি তৈরি করব : কাদের

জঙ্গি দমন নিয়ে সরকার নাটক করছে বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার নাটক-টাটক জানি না। আমরা রাজনীতি করি, আমরা গায়ে পড়ে আত্মহত্যা করতে যাব কেন? কোন দরকার আছে? আমরা ক্ষমতায় আছি ভালভাবেই আছি। আমরা কেন জঙ্গি তৈরি করব? মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, '২১ আগস্ট তো আমরা নাটক করেছিলাম! তৎকালীন বিরোধী দলের নেতা নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল- এ কথাও তো বিএনপি বলেছে। তখন তারাই জজ মিয়া নাটক সাজিয়েছে। নাটক করা, নাটক সাজানো এটা তাদের রাজনীতি। বিশৃঙ্খলা করে উন্নয়নকে ব্যাহত করে কোন সরকার প্রশ্ন রাখেন তিনি। সড়ক ও সেতুমন্ত্রী বলেন, জঙ্গি কারা তৈরি করেছে, কারা পেট্রোল বোমায় মানুষ হত্যা করেছে বাংলাদেশের মানুষ এটা ভাল করে জানে। রাজনীতিতে অফুরান নাটকের জন্ম দিতে পারে বিএনপি। এটা তাদেরই পুরনো অভ্যেস।
যেমন নালিশ করা তাদের পুরনো অভ্যেস। তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনের রেজাল্টের পর আমাদের ক্রেডিবিলিটির কি কোন সংকট আছে। না আমাদের প্রতি কোন হুমকি আছে। জনগণের পক্ষ থেকে আন্দোলন আছে, প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে। গায়ে পড়ে আত্মহত্যা করতে যাব কেন? কোন প্রয়োজন আছে? জঙ্গি নিয়ে সরকার চিন্তিত কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নিয়ে উদ্বেগ আছে, তবে শঙ্কা নেই। আমরা শঙ্কিত নই। তিনি বলেন, যে আত্মঘাতী নারী ও শিশু ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে একজন কিশোর পর্যন্ত আত্মঘাতী। এ বিষয়টি তো নতুন একটি মাত্রা যুক্ত করল। মিলিটেন্সি রিলিজিয়াস এক্সট্রিমিজমের তথা সুইসাইড অ্যাটাকটা একটা নতুন মাত্রা আমাদের দেশে যুক্ত হল। এটা আমাদের জন্য বড় ধরণের সতর্ক বার্তা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহস ও সফলতার সঙ্গে জঙ্গী দমনে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জঙ্গি দমনে আমাদের সামর্থ আছে, সক্ষমতাও আছে। আমাদের কাউন্টার ইনটেলিজেন্ট অত্যন্ত বৃদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়েছে। কাজেই আমরা শঙ্কিত নই।

No comments:

Post a Comment