কৃষ্ণ
সাগরে ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের মূল ব্ল্যাক বক্স পাওয়া
গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রতিরক্ষা
মন্ত্রণালয় ব্ল্যাক বক্সটি পাওয়ার কথা স্থানীয় একটি সংবাদ সংস্থাকে
জানিয়েছে। খবর এএফপির। সংবাদ সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত্ত
করে বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪২ মিনিটে উপকূল থেকে ১ দশমিক ৬ কিলোমিটার
দূরে সাগরের ১৭ মিটার গভীরে ব্ল্যাক বক্সটির সন্ধান পাওয়া যায়। ব্লাক্স
বক্সে দুর্ঘটনার কোনো তথ্য আছে কিনা তা বিশেষজ্ঞদের দিয়ে পাঠোদ্ধারে মস্কো
পাঠানো হবে। উল্লেখ্য, ব্ল্যাক বক্স হলো উজ্জ্বল কমলা রংয়ের একটি বক্স।
এতে
বিমান উড্ডীয়নকালে বিমানের কর্মীদের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের আলাপ,
বিমানের ভেতরের শব্দ, চাপ ও তাপ পরিবর্তনের তথ্য এবং ককপিটের ভেতরে
পাইলটদের কথাবার্তা রেকর্ড করা হয়ে থাকে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এ পর্যন্ত ১২টি মৃতদেহ এবং ১৫৬টি খণ্ডিত
দেহাবশেষ সাগর থেকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিমানটির আরোহীদের
যাদের মরদেহ এবং দেহাবশেষ পাওয়া যাবে তার পরিচয় শনাক্তে মস্কো পাঠানো
হবে। গত রোববার রাশিয়ার সোচি শহর থেকে সিরিয়ার লাটাকিয়ায় অবস্থিত রুশ
ঘাঁটিতে যাওয়ার পথে টিইউ-১৫৪ যুদ্ধবিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়।
বিমানটির ৯২ আরোহীর মধ্যে ৬০ জনই ছিলেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান রেড
আর্মি বাদকদলের সদস্য। বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য যেকোনো সন্ত্রাসবাদী
নাশকতার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। সোমবার রাশিয়া
কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনার কারণ
জানতে তারা চারটি বিষয় খতিয়ে দেখছে। তা হল, পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি
এবং বিমানের ইঞ্জিনে বিদেশী কোনো বস্তর উপস্থিতি।

No comments:
Post a Comment