যশোরে
পৃথক ঘটনায় শ্বাসরোধ ও কুপিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে চৌগাছায় হোসেন আলী নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে অভয়নগরে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে
প্রতিপক্ষ। বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে
চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে হোসেন আলী
(৫০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসেন আলী
দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয়রা
জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষকরা দক্ষিণ কয়ারপাড়া গ্রামের
একটি মেহগনি বাগানে হোসেন আলীর মরদেহ দেখতে পান। তার গলায় গামছা পেচানো ও
হাত পা বাঁধা ছিল। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ
উদ্ধার করেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান,
দুপুর ১২টার দিকে দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে হোসেন
আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা
করেছে দুর্বৃত্তরা। তবে কারা হত্যাকাণ্ডে জড়িত সেটি পুলিশ এখনও নিশ্চিত হতে
পারেনি। এদিকে, যশোরের অভয়নগরে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে
হত্যা করা হয়েছে। বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান
অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। অভয়নগর থানার
অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এই
হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে
হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পুলিশ
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতেদের আটকের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন,
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

No comments:
Post a Comment