Monday, December 19, 2016

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজের ছয় দিন পর চুয়াডাঙ্গায় নিখোঁজ কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আলমডাঙ্গার আইলহাস মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ধারণা, পরকীয়ার জের ধরে আমিনুলকে খুন করা হয়েছে। আমিনুল ইসলাম গত ১৩ ডিসেম্বর পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে কাঠ বিক্রি করতে যান। সন্ধ্যায় সরোজগঞ্জ বাজার থেকে আলমসাধুযোগ বাড়িতে ফিরছিলেন।
মাঝপথে খাসকররা ভূমি অফিসের নিকটবর্তী স্থানে তিনি নেমে পড়েন। এরপর থেকে নিখোঁজ ছিলেন আমিনুল। সোমবার সকালে আইলহাস গ্রামের কুঁড়ির মাঠে ইউসুফ আলীর ভুট্টাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেয়। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন যুগান্তরকে জানান, পরকীয়ার কারণেই আমিনুলকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। দেখে মনে হচ্ছে, অন্য কোথাও হত্যার পর আমিনুলকে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তবে ওসির দাবি নাকচ করে আমিনুলের মেয়ে মিতা খাতুন জানান, বাবার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও জানান, কাঠ বিক্রি করে বাড়ি ফেরার পথে বাবা নিখোঁজ হন। তাকে না পেয়ে আলমডাঙ্গা থানায় জিডিও করা হয়। মিতার দাবি, ব্যবসায়িক লেনদেনের কারণেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।

No comments:

Post a Comment