Tuesday, December 13, 2016

ল্যাপটপ মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

রাজধানীতে আবারও বড় পরিসরে বসছে তিন দিনের ল্যাপটপ মেলা। বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে ‘টেকশহরডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৬’। শেষ হবে ১৭ ডিসেম্বর।
রোববার রাজধানীতে একটি সংবাদ সম্মেলন করে মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা। এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও ল্যাপটপ ফেয়ার-২০১৬ এর সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের এটি ১৮তম ল্যাপটপ মেলা। এতে একটি মেগা প্যাভিলিয়ন, ছয়টি প্যাভিলিয়ন, ছয়টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। তিনি বলেন, ২০০৮ সাল থেকে প্রতি বছর এ মেলা আয়োজন করা হচ্ছে। আগের মেলাগুলোতে শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। আমরা প্রত্যাশা করছি এবারের মেলা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, রাপু, আইলাইফ, টোটোলিংক, লিনেক্স ও এডাটার মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে বলে বলেন তিনি। এ প্রদর্শনীতে পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।

No comments:

Post a Comment