অস্ট্রেলিয়ার
পালা চুকেছে আগেই। নিউজিল্যান্ডে এই ক’দিন মাশরাফিদের অস্থায়ী নিবাস ছিল
ওয়াঙ্গারেই। সেখানে গত পরশু একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
ওয়াঙ্গারেই নিউজিল্যান্ডের উত্তরে। এবার দক্ষিণে এলেন সাকিব-তামিমরা। মানে
ক্রাইস্টচার্চে। শুক্রবার দুপুরে এই শহরের আতিথ্য গ্রহণ করেছে বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে
বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এদিকে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয়
দ্বীপের সবচেয়ে বড় শহর ক্রাইস্টচার্চে কাল অনুশীলন করেনি বাংলাদেশ দল।
হোটেলে দীর্ঘ সময় ধরে টিম মিটিং হয়েছে। আজ অনুশীলন। ক্রাইস্টচার্চ
বিমানবন্দরে নামার পর প্রবাসী বাংলাদেশীরা মাশরাফি-মুশফিকদের ফুলেল
শুভেচ্ছা জানান। অকল্যান্ড থেকে বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে
ক্রাইস্টচার্চে পৌঁছান টাইগাররা। এদিকে টিম ম্যানেজার সাব্বির খান কাল
ফোনে যুগান্তরকে বলেন, ‘অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে এসে খেলোয়াড়রা সবাই
ক্লান্ত। লম্বা সময় ধরে টিম মিটিং হয়েছে। আগামীকাল (আজ) স্থানীয় সময় সকাল
১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন রয়েছে।’ অস্ট্রেলিয়ায় অনুশীলন
ক্যাম্পের সময় সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি টি ২০
প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। একটি ম্যাচে জেতে এবং একটিতে হেরেছে
বাংলাদেশ দল।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র
প্রস্তুতি ম্যাচে হেরে যায় পুরো শক্তির বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারের পর
সোমবার প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবেন মাশরাফিরা। দুটি ম্যাচে হারলেও
বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়েছে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টাইগারদের
জন্য সুখবর, সৌম্যর রান পাওয়া এবং ইনজুরি থেকে ফিরে পুরো শক্তিতে
মোস্তাফিজুর রহমানের বোলিং করা। দীর্ঘদিন ফর্মহীনতায় থাকা সৌম্য করেছেন ৪০
রান। আর ইনজুরি থেকে ফিরে মোস্তাফিজ আগের ছন্দে বোলিং করেছেন। ৩৯ রান দিয়ে
নিয়েছেন দুটি উইকেট। সব কিছু ঠিক থাকলে প্রথম ওয়ানডেতে তার খেলা প্রায়
নিশ্চিত। এদিকে দুটি ম্যাচে হারলেও এ নিয়ে চিন্তিত নন অধিনায়ক মাশরাফি।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় সব প্রস্তুতি ম্যাচে হেরেছিল
বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে ভালো করেছিলেন সাকিবরা। এবার নিউজিল্যান্ডের
কন্ডিশনের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন সবাই। নিউজিল্যান্ডে কখনোই কোনো
আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার চাকা উল্টোদিকে ঘোরানোর
প্রত্যয়।

No comments:
Post a Comment