Tuesday, December 27, 2016

বড়দিনে তাইওয়ানের স্কুলে নাৎসী র‌্যালি!

বড়দিনের প্যারেডের সময় তাইওয়ানের একটি স্কুলের শিক্ষার্থীরা কাল্পনিক নাৎসী সমাবেশ করায় সমালোচনার ঝড় উঠেছে। এটিকে কেন্দ্র করে ওই স্কুলের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। গত শুক্রবার সিনচু শহরে অনুষ্ঠিত ওই সমাবেশের র‌্যালিতে প্রদর্শিত হয় জার্মান নাৎসীদের প্রতীক স্বস্তিকা চিহ্ন সম্বলিত ব্যানার ও কার্ডবোর্ডের তৈরি একটি ট্যাংক। ওই ট্যাংকটির ওপর ছিল একজন ছাত্র; যে নাৎসী কায়দায় স্যালুট দিচ্ছিল। খবর বিবিসি। এদিকে ওই শহরটির কুয়াং ফু স্কুলের এই সমাবেশ ও র‌্যালির খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর নিন্দা জানিয়েছেন তাইওয়ানে ইসরায়েলের রাষ্ট্রদূতও।
তিনি এ ঘটনার  নিন্দা করে  বলেন যে, ইহুদি নিধনযজ্ঞের সাত দশক পরও কিভাবে একটা স্কুল এমন কাজ করতে পারল। অবশ্য ছাত্রদের এমন নাৎসী সমাবেশের সমালোচনার মুখে স্কুলটির অধ্যক্ষ চেং সিয়াও মিংএ দু:খ প্রকাশ করেছেন। তার ভাষায় 'এই দু:খজনক ঘটনার জন্য' ক্ষমা প্রার্থনা করছেন তিনি এবং ঘটনার 'পূর্ণ দায়িত্ব নিচ্ছেন।' জানা গেছে, স্কুলের একজন শিক্ষক বড়দিন উপলক্ষে প্যারেডের থিম হিসেবে আরব সংস্কৃতিকে বেছে নেবার প্রস্তাব দেন। কিন্তু ছাত্ররা এডলফ হিটলারকে বেছে নেয়। এ বিষয়ে সমাধানে পৌঁছাতে দু'দফায় ভোট হলে নাৎসী র‌্যালির পক্ষেই মতামত বিজয়ী হয়। এ নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, ছাত্ররা হিটলারকে বেছে নেয়ার একটা কারণ ছিল এই যে, তাদের স্কুল ইউনিফর্মকে সহজেই নাৎসী পোশাকে পরিণত করা যায়। এদিকে এ ঘটনায় তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস থেকেও  দু:খপ্রকাশ করা হয়েছে।

No comments:

Post a Comment