Sunday, December 4, 2016

নাসিকে নেতাদের গণসংযোগে যাওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিনিয়র নেতাদের গণসংযোগে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। শনিবার রাতে গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে নাসিক নির্বাচনের কৌশল নিয়েই মূলত আলোচনা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্র্পোরেশন নির্বাচন নিয়ে নেতারা মতামত দেন। প্রতি ওয়ার্ডে কেন্দ্রীয় এক নেতার নেতৃত্বে প্রচার কমিটি করার প্রস্তাব দেয়া হয়। তবে কেউ কেউ প্রতি ওয়ার্ডকে ৩-৪ ভাগে ভাগ করে প্রচার কমিটি করার সুপারিশ করেন। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতি ওয়ার্ডে কেন্দ্রীয় এক নেতার নেতৃত্বে ১টি প্রচার কমিটি করার ব্যাপারে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সূত্র জানায়, নাসিকে স্থানীয় নেতারা ঠিকমতো কাজ না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হবে বলে খালেদা জিয়া সতর্ক করে দেন।
বৈঠকে খালেদা জিয়া সিনিয়র নেতাদের বিভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রতিদিন ঢাকা থেকে গিয়ে জোরেশোরে প্রচারণা চালানোর প্রস্তুতি নিতে বলেন। জিয়ার মাজার নিয়ে সরকারের চিন্তা-ভাবনার বিষয়ে দলের কি করা উচিত সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তবে এ নিয়ে চেয়ারপারসন বা অন্য নেতারা ততটা আগ্রহ দেখাননি। বৈঠক শেষে দলের একজন ভাইস চেয়ারম্যান জানান, খালেদা জিয়া বলেছেন- নির্বাচনে জয়ী হতে বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। যদি সরকার ও ইসি পক্ষপাতমূলক নির্বাচন করে তাহলে জনগণই তার জবাব দেবে। বৈঠকে নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, মীর নাছির, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, জয়নুল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তৈমুর আলম খন্দকারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment