নারায়ণগঞ্জ
সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ
আইভীর প্রতীক নৌকাই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে
প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমাদের
পার্টি অংশ (নাসিক নির্বাচন) নিয়েছে। আশা করি সেটা নির্বাচনী রেজাল্টে
আপনারা পাবেন। নারায়ণগঞ্জে নির্বাচনের যে বাতাস এখন বইছে, নৌকার পালে যে
হাওয়া লেগেছে সেটা সব মানুষের মুখে মুখে।’ ওবায়দুল কাদের বলেন, ‘এখানে
(নারায়ণগঞ্জে) আমাদের তিনটি বিষয় রয়েছে তা হল আমাদের প্রার্থী জনপ্রিয়।
দ্বিতীয়ত সেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার আছে। আর আমাদের
সাংগঠনিক শক্তি। এ তিনটির সমন্বয়ে নৌকার পাল্লাটাই ভারী, সেটাই আমার মনে হয়
সবাই স্বীকার করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইলেকশন ফ্রি অ্যান্ড
ফেয়ার হলে নৌকাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’ অনেকে ধানের শীষের পক্ষে নিরব
বিপ্লব হওয়ার কথা বলছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,
‘বিপ্লবটা নৌকার পক্ষে হয় কিনা সেটাই দেখেন।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি
নির্বাচন নিয়ে এ যাবত কোন অভিযোগ করেনি। আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব ও
কর্তব্য সেটা স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ হোক তা আমরা মনে-প্রাণে চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিস্কার নির্দেশনা আছে
নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে পার্টির
জেনারেল সেক্রেটারি হিসেবে আমিও বলছি আমাদের সরকার আমাদের দল একটি অবাধ ও
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন
কমিশনকে সর্বাত্মক সহযোগীতা করবে।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ
যাকে খুশি তাকে ভোট দেবে। এটাই আমরা চাই। এটাই আমাদের নেত্রীর নির্দেশ।’
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একটি অংশ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কাজ
করছে বলে অভিযোগ আছে- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের
প্রার্থী হচ্ছে সেলিনা হায়াৎ আইভী, শামীমকে তার প্রতিদ্বন্দ্বী ভাবা হয়।
নৌকাকে বিজয়ী করার জন্য সবাই যে ঐক্যবদ্ধ এটার বড় প্রমাণ হচ্ছে শামীম প্রেস
করফারেন্স করে দ্বিধা সংশয়ের অবসানে শেষ পর্যন্ত আইভীকে একটা শাড়ীও উপহার
দিয়েছেন। যেটা পরের দিন গণসংযোগের সময় আইভী পড়েই গণসংযোগ করেছেন। এখানে তো
আর বলার কিছু থাকে না।’ আওয়ামী লীগ একটি বড় দল সেখানে তো ছোটখাট বিরোধ
থাকতেই পারে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘কিন্তু নির্বাচনের ব্যাপারে আমি
জানি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। নৌকাকে বিজয়ী করার ব্যাপারে কারো কোনো দ্বিমত
আছে বলে আমার জানা নেই।’

No comments:
Post a Comment