অভিবাসীদের
নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে এক অভিবাসন বিষয়ক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড
ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, অভিবাসন একটি জটিল ও মানবিক বিষয়। প্রতিটি
অভিবাসী যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, অভিবাসীদের ভয় পাবার কারণ নেই। অবশ্য অভিবাসীদের
নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ।
এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের
বাস্তববাদী হওয়ার আহ্বান জানান তিনি। অভিবাসীদের অধিকার এবং তাদের সুরক্ষায়
বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অভিবাসনের
সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা ভেবে দেখা প্রয়োজন। তিনি বলেন,
বিশ্বের যেখানেই হোক অভিবাসীরা যাতে তাদের অধিকার পান, স্বাভাবিকভাবে
চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, কোনো অভিবাসী তার দেশ, পরিবার ত্যাগ করে অন্যত্র অভিবাসী
হয়, তখন তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। ওই অভিবাসী অন্য দেশের উন্নয়নে
কাজ করেন। তিনি তার যৌবনের গুরুত্বপূর্ণ সময় পরদেশে কাটিয়ে দেন। অথচ আমরা
অনেক সময় তাদের অবজ্ঞা করি। তিনি বলেন, অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব
অকল্পনীয়। এটি সব সমাজকে মেনে নিতে হবে। অভিবাসীরা বিশ্বে শান্তি,
স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য কাজ করছে। জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে
অভিবাসন ও উন্নয়ন নিয়ে (জিএফএমডি) সম্মেলনের উদ্যোগ নেয়া হয়। গত বছর
তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। এই সম্মেলনে বিশ্বের
বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা অংশ নেয়। সম্মেলন চলবে ১২
ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে অভিবাসন, উন্নয়ন ও সুশাসনসংক্রান্ত বিষয়ে
আলোচনা করা হবে।

No comments:
Post a Comment