ঢাকা
অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ‘বার্ষিক আনন্দ
মেলা-২০১৬’ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে মেলার উদ্বোধন করেন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলার ১৩৮টি স্টলে প্রতিষ্ঠানগুলো দেশীয়
বুটিকসহ নানা পণ্য সামগ্রী বিক্রি করছে। উদ্বোধনের দিনই মেলা প্রাঙ্গণে
ছিল উপচে পড়া ভিড়। এ আয়োজন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.
ইব্রাহীম হোসেন খান, মহিলা কমিটির সভাপতি সৈয়দা শামীমা সুলতানা, সম্পাদিকা
আতিয়ান নাহার, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তৃতায়
আসাদুজ্জামান নূর বলেন, প্রতিটি স্টলে দেশীয় পণ্য রয়েছে, এটি এ মেলার
প্রধান বৈশিষ্ট্য।
বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের তৈরি বুটিক পোশাক রয়েছে
অনেক। সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিচ্ছেন। এজন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে
নারীদের সম্পৃক্ত করতে হবে। আইরিন বুটিকস অ্যান্ড টেইলার্সের কর্ণধার আইরিন
চৌধুরী জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে এ ব্যবসা করছেন। ঢাকা অফিসার্স ক্লাব
আয়োজিত মেলায় প্রতিবছরই তিনি অংশ নেন। এ মেলায় বিক্রিও ভালো হয়। তাদের সময়
মেয়েদের এমন ব্যবসা করতে বিভিন্ন বাধা ছিল, এখন সে বাধা নেই। নারীরা এ
ব্যবসায় এগিয়ে এলে দেশীয় পণ্যের ওপরই মানুষ নির্ভর হবে। এদিন মেলায় কথা হয়
জুবাইদা নাজনীন নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, মেলার প্রতিটি স্টলেই
দেশীয় পোশাক রয়েছে। আমিও দেশীয় পোশাক পরি। এজন্যই এখানে আসা। মেলায় আসা
একাধিক ক্রেতা-বিক্রেতা আরও জানান, প্রতিটি স্টলে দেশীয় পণ্য, বিশেষ করে
মহিলা উদ্যোক্তাদের বুটিকস পোশাকগুলো আকর্ষণীয় হয়ে উঠেছে।

No comments:
Post a Comment