তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন এআইএডিএমকে নেত্রী কুমারী জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সোমবারও তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অ্যাপোলো হাসপাতালেই দীর্ঘ ২ মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, তারা নিজেদের সর্বস্ত দিয়ে 'আম্মা'কে বাঁচানোর চেষ্টা করছেন। জয়াকে হৃদযন্ত্র সাহায্যকারী ডিভাইস দিয়ে রাখা হয়েছে। এছাড়া শ্বাসপ্রশ্বাস সঠিকভাবে চলার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, যখন কোনো রোগীর ফুসফুস অথবা হৃদয় সঠিকভাবে অক্সিজেন টানতে অসমর্থ হয় তখন ইসিএমও অথবা 'এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন' নামক লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে রোগীকে রাখা হয়। জয়ার ক্ষেত্রেও সেরকমই করা হয়েছে।
একইসঙ্গে জানা গেছে, একজন রোগীকে বেশ কয়েকদিন, এমনকি সপ্তাহ খানেকের বেশি এভাবে রাখা সম্ভব। এই ধরনের যন্ত্র তখনই ব্যবহার করা হয় যখন রোগীর ফুসফুস একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। সর্বশেষ প্রচেষ্টা হিসাবে এই যন্ত্রের ব্যবহার জয়ার জন্য করা হয়েছে।
রোববার এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফের চেন্নাইয়ের হাসপাতালের বাইরে আম্মা ভক্তদের ভিড় ক্রমেই উপচে পড়ছে। জয়া ভক্তরাই শুধু নয়, দলের নেতা-কর্মী, আমজনতা সকলেরই ফের গন্তব্য হয়ে উঠেছে অ্যাপোলো হাসপাতাল। বাইরে পুলিশ পিকেট বসেছে। চেন্নাইয়ে স্কুলগুলোকে এদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অবস্থার জন্য তৈরি প্রশাসন, এমনটাই আভাস মিলেছে।

No comments:
Post a Comment