![]() |
| নিউজিল্যান্ডের ওয়াঙ্গেরি শহরের মেয়রের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে কাল স্থানীয় আদিবাসী মাউরিদের ঐতিহ্যবাহী নাচ দিয়ে বরণ করে নেয়া হয় বাংলাদেশ দলকে -ওয়েবসাইট |
নিউজিল্যান্ডে
কাল প্রথম অনুশীলন করল বাংলাদেশ দল। এ দিন কোবহাম ওভালে অনুশীলনের পর
বাংলাদেশ দলের সবার সময় কাটল শহরের মেয়র শেরিল মেয় এক সংবর্ধনা অনুষ্ঠানে।
স্থানীয় মাউরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্যদিয়ে বাংলাদেশ দলকে বরণ
করে নেন স্থানীয় মেয়র। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটাররা ‘আমরা করব
জয়’ গানটা পরিবেশন করেন। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রস্তুতি ম্যাচ
খেলতে নামবেন মাশরাফিরা। ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ।
কাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন কোল ম্যাকোন্সি।
বাংলাদেশ অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি
প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিডনি ও নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন। প্রস্তুতি
ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় বাংলাদেশ। তবে এ
ম্যাচে জিততেও মরিয়া টাইগাররা। জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে।
নিউজিল্যান্ডের সর্ব উত্তরের জনপদ ওয়াঙ্গেরেই এখন বাংলাদেশ ক্রিকেট দলের
ঘাঁটি।
প্রথমদিন অকল্যান্ডে নামার পর নিউজিল্যান্ডে বাংলাদেশী প্রবাসী একটি
সংগঠন বিমানবন্দরে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়। মঙ্গলবার অনুশীলনের সময়ও
কোবহাম ওভালে অনেক প্রবাসী হাজির হয়েছিলেন সাকিব-তামিমদের দেখার জন্য।
বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে নিউজিল্যান্ডের অনেক স্থানীয়ও মাঠে বাংলাদেশ
দলের অনুশীলন দেখতে যান। অনুশীলনের ফাঁকে ছোট ছোট ছেলেমেয়েরা তাসকিনদের
সঙ্গে সেলফি তোলেন, কেউবা অটোগ্রাফ নেন। এদিকে ওয়ানডে সিরিজে মোস্তাফিজুর
রহমান সব ম্যাচ খেলবেন কিংবা আদৌ কোনো ম্যাচে খেলতে পারবেন কীনা এ নিয়ে
সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল অবেদিন
নান্নু। তবে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন কাটার মাস্টার। প্রস্তুতি ম্যাচ
দিয়েই বোঝা যাবে মোস্তাফিজুরের ফিটনেস কেমন। কাল মিনহাজুল আবেদিন বলেন,
‘প্রস্তুতি ম্যাচে খেলবে মোস্তাফিজ। এ ম্যাচে দেখা যাবে সে কতটা ফিট। এরপরই
সিদ্ধান্ত নেয়া হবে সে কবে মাঠে নামতে পারবে।’ তিনি বলেন, ‘মোস্তাফিজ
শতভাগ ফিট না হলে তাকে খেলানো হবে বড় ধরনের ঝুঁকি। আমরা সে ঝুঁকি নেব কেন?
মোস্তাফিজকে শতভাগ ফিট মনে হলেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

No comments:
Post a Comment