Wednesday, December 28, 2016

বিমানের দুই কর্মকর্তা রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় বাংলাদেশ বিমানের দুই কর্মকর্তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিমানের ওই দুই কর্মকর্তা হলেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার এ দুই কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম অভিযুক্তদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। এ ঘটনায় ২০ ডিসেম্বর মধ্যরাতে বিমানবন্দর থানায় ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান।

No comments:

Post a Comment