Saturday, December 24, 2016

মান্নাকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩০২ নম্বর কেবিনে ফুল নিয়ে যান কাদের। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি মান্নার স্বাস্থ্যের  খোঁজ-খবর নেন। স্মৃতিচারণ করেন পুরনো দিনের। এ সময় বিএসএমএমইউ’র ভিসি কামরুল হাসানকে ফোন করে সাবেক এই আওয়ামী লীগ নেতার সুচিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ জানান কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। রাজনীতির বাইরেও একটা সম্পর্ক থাকে। গতকালই আসতে  চেয়েছি, নির্বাচনের কারণে পারিনি। আজকে প্রোগ্রাম ছিল, শেষ করে চলে এসেছি। মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে পর পর দু’বার ভিপি হয়েছিলেন। বামধারার এই ছাত্রনেতা নব্বইয়ের দশকে আওয়ামী লীগে যোগ দেন। তিনি দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগ ছেড়ে তিনি নাগরিক ঐক্য নামে নতুন সংগঠন গড়ে তোলেন। সেনাবিদ্রোহে উস্কানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ২২ মাস কারাগারে আটক থাকার পর গত ১৮ই ডিসেম্বর জামিনে মুক্ত হন মান্না। গত বুধবার শারীরিক জটিলতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment