Monday, January 23, 2017

নওগাঁয় ৩ অপহরণকারী গ্রেফতার

নওগাঁর পত্মীতলা থেকে অপহরণের একদিন পর নজরুল ইসলামকে (৫০) উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রোববার বিকেলে উপজেলার নজিপুর বাজারের চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে তিন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।
অপহৃত নজরুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের আলহাজ্ব শহিদুল ইসলামের ছেলে। আটকরা হলেন- পত্মীতলা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রশিদুল ইসলাম(২৫), আলহাজ্ব লুতফর রহমান মাস্টারের ছেলে কোরবান আলী সরদার (৩৫) এবং ইসাহাক সরদারের ছেলে সুমন মাহমুদ (২২)। জানা যায়, শনিবার বিকেলে আসরের নামাজ পড়ে নজরুল ইসলাম বাড়ি ফেরার সময় তিন অপহরণকারী জোরপূর্বক একটি গাড়িতে করে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ভাবে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবী করে তার পরিবারের কাছে।
র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩ ক্যাম্পের অপারেশন দলের এডি জহুরুল ইসলাম বলেন, অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পত্মীতলা উপজেলার নজিপুর বাজার চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় অপহৃতকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment