Monday, January 23, 2017

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে দায়ের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার ধার্য দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ বার পেছাল। ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বক্তৃতার একপর্যায়ে বলেন,
'আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোস পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্ম নিরপেক্ষতার মুখোস পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।' এ বক্তব্যের মাধ্যমে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় খালেদার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

No comments:

Post a Comment