Monday, January 23, 2017

এমপি লিটন হত্যায় ইউপি মেম্বার গ্রেফতার

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সর্বানন্দা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।
তিনি সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের হাশেম মিস্ত্রীর ছেলে। তবে রেজাউলের পরিবারের দাবি, গত ১৪ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার ময়েজমিয়ার হাট এলাকা থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ রোববার দুপুরে রেজাউল ইসলাম লিটনের মা আম্বিয়া খাতুন গাইবান্ধা প্রেসক্লাবে সন্তানকে ফেরত চেয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজাউলকে তুলে নেয়ার সময় সুন্দরগঞ্জ থানার এসআই মো. ইজার আলী ও গোলাম মোস্তফা রেজাউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে রেজাউলকে ভোররাতে গ্রেফতার করা হয়েছে দাবি করেছেন লিটন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আশরাফুজ্জামান। তিনি বলেন, এমপি লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ হত্যা ও নাশকতার মামলাসহ ৮টি মামলা রয়েছে।

No comments:

Post a Comment