ট্রাক
ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ
১২ দফা বাস্তবায়নের দাবিতে দক্ষিণের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য
পণ্যবাহী যানবাহন ধর্মঘট চলছে। সোমবার ভোর থেকে পণ্য পরিবহন মালিক-শ্রমিক
ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘট শুরু হয়। এর পর থেকে ২১ জেলায় পণ্য পরিবহন বন্ধ
রয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টায় মিটিং শেষে পণ্য পরিবহন মালিক-শ্রমিক
ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ আব্দুল গফ্ফার বিশ্বাস এ ধর্মঘটের ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের দাবি অত্যন্ত ন্যায্য ও যুক্তি সঙ্গত। আমরা কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করলেও সেদিকে তারা নজর দেয়নি।
ফলে আমরা অনির্দিষ্টকালের
কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, ‘আমাদের দাবিগুলো হচ্ছে-
পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন
নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল
জরিমানা প্রত্যাহার, ফেরি ঘাটে চাঁদাবাজী ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার
নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধ, ব্রিজের
টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং
লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে
চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক
চালকদের নামে মামলা প্রত্যাহার করতে হবে’। অন্যথা আমরা ধর্মঘট প্রত্যাহার
করব না।

No comments:
Post a Comment