মোদী
সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা সরব হলেও বিজেপির পাশেই
রয়েছে দেশের সাধারণ জনগণ। যার প্রমাণ মিলেছে বিভিন্ন রাজ্যের নির্বাচনের
ফলাফলে। এবার সেই ধারা অক্ষত থাকল হরিয়ানার ফরিদাবাদে। ৪০ আসনের পুরসভার
৩০টি’র দখল নিল গেরুয়া শিবির। ফরিদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনে আসন সংখ্যা
৪০। এর মধ্যে দশটি পেয়েছে নির্দলীয় প্রার্থীরা। বাকি ৩০টি আসন দখল করে
রেকর্ড করেছে ভারতীয় জনতা পার্টি। দেশের সার্বিক উন্নয়নে আস্থা রেখেই
ফরিদাবাদের মানুষ এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
একইসঙ্গে নোট বাতিল নিয়ে বিরোধীরা কেন্দ্র সরকারের সমালোচনা করলেও মানুষ এই
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
শুধু তাই নয় বিজেপির
উন্নয়নের স্লোগান ‘সবকা সাথ, সবকা বিকাশ’ কার্যকর হচ্ছে বলেও মন্তব্য
করেছেন অমিত শাহ। তার কথায়, ফরিদাবাদের ঐতিহাসিক জয় ভারতীয় জনতা পার্টির
উন্নয়নের কর্মকাণ্ডের পক্ষে মানুষের রায়। এই জয় বিজেপির ‘সবকা সাথ, সবকা
বিকাশ’ মতাদর্শের জয়। নোট বাতিলে পর যতগুলো নির্বাচন হয়েছে দেশের মানুষ
কেন্দ্রের সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে। রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাত এবং
মহারাষ্ট্র রাজ্যে নোট বাতিলের পর নির্বাচন হয়েছে। এবং সবগুলোতেই বিপুল
ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়েও নির্বাচনে
শেষ হাসি হেসেছে গেরুয়া বাহিনী। ফরিদাবাদ নিয়ে নোট বাতিলের পর একটানা ছয়টি
নির্বাচনে বিজেপি জয় হাসিল করল বলে জানিয়েছেন অমিত শাহ।

No comments:
Post a Comment