আমেরিকা
থেকে বহিষ্কৃত ৩৫ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিচ্ছে রাশিয়া। এসব
কূটনীতিককে ফিরিয়ে আনতে মস্কো থেকে একটি বিশেষ বিমান পাঠিয়েছেন প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। আমেরিকায় রুশ দূতাবাসের মুখপাত্র নিকোলাই লাখোনিন
জানিয়েছেন, এরইমধ্যে কূটনীতিক ও তাদের পরিবারের লোকজনকে নিয়ে ওয়াশিংটন থেকে
বিমানটি মস্কোর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
বহিষ্কৃত কূটনীতিকদের সবাই
রয়েছেন বিমানে। এসব কূটনীতিক মাত্র দুই মাস আগে আমেরিকায় গিয়েছিলেন। ২৯
ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার এ ৩৫ কূটনীতিককে
বহিষ্কারের নির্দেশ দেন। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও গোয়েন্দাগিরির
অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। এছাড়া, মেরিল্যান্ড ও নিউ ইয়র্কে রুশ
কূটনৈতিক মিশন বন্ধ করার নির্দেশ দিয়েছেন ওবামা। তবে, রাশিয়া বার বার
অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাশিয়া কোনো
পাল্টা ব্যবস্থা নেয়নি। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা
নেয়া পর্যন্ত মস্কো অপেক্ষা করবে। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড পর্যালোচনা
করে পরে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তবে পুতিন আশা করছেন, ট্রাম্প ক্ষমতায়
এলে মস্কো-ওয়াশিংটন সম্পর্কের উন্নয়ন ঘটবে।

No comments:
Post a Comment