Saturday, January 21, 2017

শীতের সকালে রসের মেলা ঢাবির চারুকলায়

শীতের সকালে খেজুরের রস খাওয়া গ্রামীণ ঐতিহ্য। কিন্তু শহরবাসীও এখন পিছিয়ে নেই। ঘটা করে খেজুরের রস খাওয়ার আসর রাজধানীর বুকেও বসে। রসের মেলা নামে তেমনি এক আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। শুক্রবার সকালে শীত উপেক্ষা করে খেজুরের রস খাওয়ার জন্য ঢাকাবাসী ভিড় জমান সেখানে। মেতে উঠেন খেজুরের টাটকা রস খাওয়ার উৎসবে। আরও ছিল শুকনো পাতায় তৈরি ‘বাটিতে’ মুড়ি-মুড়কি ও খেজুর গুড়ের আতিথেয়তা। পাশাপাশি ছিল জারি গান ও মনসামঙ্গল পালার পরিবেশনা।
অন্যবারের মতো রসের মেলার এবারের আয়োজক রঙ্গে ভরা বঙ্গ নামে সংগঠন। চারুকলার বকুলতলায় সকাল ৮টায় শুরু হয় এবারের রসের মেলা। মঞ্চসজ্জায় খেজুরের দু’টি লম্বা পাতার ব্যবহারে সৃষ্টি হয়েছে নান্দনিক মাত্রা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ইমরান উজ-জামান। বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, মোহাম্মদ আসাদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদ। আকতারী মমতাজ বলেন, নাগরিক পরিমণ্ডলে খেজুরের রস নিয়ে এ আয়োজন খুব ভালো উদ্যোগ।

No comments:

Post a Comment