Saturday, January 21, 2017

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। খবর বাসসের। এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দুবাইতে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ভোর ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নিবার্হী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস সোয়ানের আমন্ত্রণে ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডে যান। ম১৭ থেকে ২০ জানুয়ারি পযর্ন্ত দাভোসে ডব্লিউইএফ-এর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনাই প্রথম বাংলাদেশী নেতা যিনি এ ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী ডব্লিউইএফ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়ানের সঙ্গে বৈঠক করেন। তিনি ফোরামের নির্ধারিত অনুষ্ঠানমালায় পাশাপাশি বিভিন্ন বৈঠকে যোগ দেন।

No comments:

Post a Comment