চারুকলার
বকুলতলার কাছাকাছি আসতেই শোনা গেল ঢোলের শব্দ। আর ভেতরে প্রবেশ করতেই দেখা
মিলল ভিন্ন কিছুর। একদল মুরং বাঁশি বাজাচ্ছে। তার একটু সামনে এগোতেই দেখা
গেল সাঁওতালি তরুণ-তরুণীরা তাদের মাতৃভাষার গান গাইতে গাইতে নেচে চলেছেন।
তুংগা, ঘণ্টি, প্লাঙ্গ, টিং টিং পুংচা এমন সব অচেনা বাদ্যযন্ত্র থেকে ভেসে
আসছে অপরিচিত নানা সুর। নগরের বুকে এ যেন অন্যরকম এক দ্যোতনা। আর এ সবই
আদিবাসী সাংস্কৃতিক উৎসবকে ঘিরে। ‘বৈচিত্র্য-বহুত্বের ঐকতানে, এসো মিলি
সর্বপ্রাণে’ স্লোগানে দুই দিনব্যপী এ উৎসবের আয়োজক ইন্সটিটিউট ফর
এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।
চারুকলার বকুলতলায় শুক্রবার
সকালে শান্তির পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অনুষ্ঠানের উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম
আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। বিশেষ অতিথি
ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলাম ও চারুকলা অনুষদের
অধ্যাপক আফজাল হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম
সদস্য অনিল মারা। স্বাগত ভাষণ দেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ
খান।

No comments:
Post a Comment